ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই বিরতিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়। এতে বলা হয়, এই যুদ্ধবিরতি অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনে একঙটি ইতিবাচক অগ্রগতি এবং এটি দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথে সহায়ক হতে পারে।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সব পক্ষ এই যুদ্ধবিরতিকে সম্মান জানাবে এবং গঠনমূলকভাবে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও টেকসই সমাধানের দিকে এগিয়ে যাবে। একই সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তাকারী দেশ ও পক্ষগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং সেটিই হওয়া উচিত।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। টানা ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতের পর বুধবার সকালে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যাতে সম্মতি দিয়েছে তেহরানও।
এই প্রেক্ষাপটে, চলমান যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ।

