শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বিষয়টি জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সপ্তাহের তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাস পরিচালিত হবে।
নতুন সূচি অনুযায়ী— রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে গিয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।
মন্ত্রী জানান, আপাতত মহানগর ও মেট্রোপলিটন এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হবে। আগামী সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস নেবেন।
তিনি আরও বলেন, এই ব্যবস্থা সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক নয়। শিক্ষা কার্যক্রম সচল রাখতে এবং কোনো ধরনের ব্যাঘাত এড়াতেই এই সমন্বিত পদ্ধতি চালু করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও উপস্থিত ছিলেন।
