রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সংসদীয় সম্পর্ক—স্পীকারের সঙ্গে মিল্টন ডিকের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার মিল্টন ডিক।

- Advertisement -

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল, প্রতিনিধি পরিষদের উপ-স্পিকার শ্যারন ক্লেডন এমপি, লেবার পার্টির বাসেম আব্দো, নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেবোরা ও’নেইল, সাউথ অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সিনেটর এন্ড্রু ম্যাকলাহান, তাসমানিয়ার স্বতন্ত্র সিনেটর টামি টাইরেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। তিনি বলেন, সংসদীয় সম্পর্ক জোরদারের মাধ্যমে শুধু রাষ্ট্রীয় সম্পর্ক নয়, বরং দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সংসদীয় গণতন্ত্রের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। একটি প্রাণবন্ত সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করছে।

অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার মিল্টন ডিক বলেন, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

এ সময় স্পিকার সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সংসদীয় গণতন্ত্রে নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা হয়।

পরে স্পিকারের আমন্ত্রণে মিল্টন ডিক ও তার প্রতিনিধিদল জাতীয় সংসদের চলমান অধিবেশন ও কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

এ সময় উপ-স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, সংসদ সদস্য তাহসিনা রুশদী ও এম নাসের রহমান এমপি উপস্থিত থেকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন। জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও