জাতীয় সংসদে বক্তব্য রেখে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার প্রস্তুত রয়েছে।
অর্থমন্ত্রী জানান, অতীত সরকারের সময়ে রাজস্ব আদায়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় বাজেট ঘাটতি বেড়েছিল। বড় বড় মেগা প্রকল্পে ব্যয় হলেও তার সুফল সাধারণ মানুষ পুরোপুরি পায়নি। পাশাপাশি অর্থ পাচার ও দুর্নীতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল প্রায় ২০ বিলিয়ন ডলারে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে টাকার মান কমে গেছে, যার প্রভাবে আমদানি ব্যয় বেড়ে মূল্যস্ফীতি ত্বরান্বিত হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে এবং ক্রয়ক্ষমতা কমেছে।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, যার ফলে জ্বালানি তেল ও এলএনজির দাম বেড়ে যায়। তবুও জনগণের স্বার্থে সরকার ভর্তুকি দিয়ে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রেখেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান উন্নয়ন কার্যক্রম ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা সম্ভব হবে।
এর আগে, সংসদের আগের অধিবেশনে মোট ৩১টি বিল পাস হয়েছে, যা বিভিন্ন খাতের সংস্কার ও উন্নয়নের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

