জাতীয় সংসদে হাফিজ উদ্দিন আহমদ অসহিষ্ণু আচরণ না করতে হাসনাত আবদুল্লাহকে সতর্ক করে বলেন, “এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ—এখানে ধৈর্য ধরে শুনতে হবে।”
শুক্রবার (১০ এপ্রিল) মাগরিবের নামাজের পর সংসদের অধিবেশনে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ সংশোধিত আকারে পাস নিয়ে সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্কের সময় এ ঘটনা ঘটে।
বিরোধী দল অভিযোগ করে, জাতীয় সংসদের বিশেষ কমিটির সমঝোতা ভেঙে বিলটি সংশোধন করে পাস করা হয়েছে। এর প্রতিবাদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলামসহ কয়েকজন সদস্য বক্তব্য দেন এবং পরে ওয়াকআউট করেন।
এদিকে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাল্টা জবাব দেন। দুই পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে উত্তপ্ত বিতর্ক চলে।
বিতর্কের এক পর্যায়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানালে সংসদে হইচই শুরু হয়। তখন স্পিকার তাকে উদ্দেশ করে সংযত থাকার আহ্বান জানান।
স্পিকার বলেন, সংসদে কথা বলার নির্দিষ্ট নিয়ম রয়েছে। নোটিশ দিয়ে কথা বলতে হবে এবং ধৈর্য ধরে অন্যদের বক্তব্য শুনতে হবে।
স্পিকারের এ মন্তব্যের পর সংসদে উত্তেজনা আরও বাড়লেও তিনি কার্যক্রম চালিয়ে যান।

