পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। দীর্ঘ এই বৈঠকের পর সংলাপ এখন কারিগরি পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব ও খসড়া বিনিময় করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল বিস্তারিত প্রস্তাব এবং ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ বিনিময় শুরু করেছে।
তারা আরও জানায়, কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এতে ধারণা করা হচ্ছে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে সংলাপ এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।
মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তান এ আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে।
কয়েক সপ্তাহ ধরে চলা পরোক্ষ কূটনৈতিক যোগাযোগের পর এই আলোচনা এখন একটি কাঠামোগত রূপ পেয়েছে। বর্তমানে কারিগরি, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

