জুলাই সনদ নিয়ে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তিন শনিবার ‘গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ‘১১ দলীয় ঐক্য’।
ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। পরবর্তী কর্মসূচি হিসেবে ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে দেশের সব জেলায় একই কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন, জ্বালানি ও সার সংকট নিরসন, হাম পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ, দখলদারি ও চাঁদাবাজি বন্ধ এবং ব্যাংক খাতের সংকটসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে এসব কর্মসূচি পালন করা হবে।
গোলাম পরওয়ার জানান, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে, যেখানে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে জনসচেতনতা তৈরি করা হবে।
সংবাদ সম্মেলনে ‘১১ দলীয় ঐক্য’র সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব জালালুদ্দিনসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি আহমদ এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ অন্য নেতারা অংশ নেন।
গোলাম পরওয়ার বলেন, ২ মের পর বিভাগীয় শহর ও বড় নগরগুলোতে অন্তত ১২টি সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।
তিনি আরও জানান, বিভাগীয় পর্যায়ের সমাবেশ শেষে রাজধানীতে একটি ‘জাতীয় মহাসমাবেশ’ আয়োজন করা হবে এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে সাম্প্রতিক সময়ে রাজপথে সক্রিয় রয়েছে জামায়াত জোট। এর আগে তারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিও পালন করেছে।

