শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

- Advertisement -

মরণোত্তর এ পুরস্কার পাওয়া খালেদা জিয়ার পক্ষে পদক গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বছর মরণোত্তর সম্মাননা পেয়েছেন আরও ছয়জন—মুক্তিযুদ্ধে অবদানের জন্য মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরীন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান, সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, এম এ রহিম, সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার পুরস্কার পেয়েছেন।

পাঁচটি প্রতিষ্ঠানও এ বছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছে। এগুলো হলো—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস শিশু পল্লী এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার এ পুরস্কার প্রদান করে আসছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও