প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে হজযাত্রা উদ্বোধন করবেন। উদ্বোধনের পর রাত ১২টা ২০ মিনিটে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।
প্রথম ফ্লাইটে ঢাকা থেকে ৪১৯ জন হজযাত্রী পবিত্র ভূমির উদ্দেশে রওনা দেবেন।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ৬টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স ৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করবে ৩টি ফ্লাইট।
হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরবে যাবেন।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সৌদিয়া এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

