শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে আতঙ্ক নয়, সাশ্রয়ের বার্তা প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সবক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

- Advertisement -

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে তেল-ডিজেলের দাম বাড়লেও জনদুর্ভোগের কথা বিবেচনায় বাংলাদেশে তা বাড়ানো হয়নি। এ খাতে প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ, এটি জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ।

দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক জীবনেও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। অপচয় এড়িয়ে সংযমী হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘স্বাধীনতা পুরস্কার’ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দেশের স্বাধীনতা ও জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

এ বছর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (মরণোত্তর)সহ ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবর্তন করেন, যা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

সর্বশেষ

এই বিভাগের আরও