চট্টগ্রামের বাজারগুলোতে হঠাৎ করেই সবজির দাম বেড়ে গেছে। মৌসুম শেষ, সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে বেশিরভাগ সবজি এখন ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) নগরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি পটল ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, ধুন্দুল ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া মূলা ও টমেটো প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
নগরের বিভিন্ন বাজারে ক্রেতারা জানান, গত দুই সপ্তাহ ধরে সবজির দাম বাড়তির দিকে। অধিকাংশ সবজি ১০০ টাকার কাছাকাছি বা তার বেশি দামে বিক্রি হওয়ায় নিত্যপ্রয়োজনীয় খরচ বেড়ে গেছে।
ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি কম থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম নিচ্ছেন।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, অনেক সবজির মৌসুম শেষ হয়ে গেছে। নতুন সবজি বাজারে আসতে সময় লাগবে। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে।
তাদের মতে, নতুন মৌসুমের সবজি বাজারে আসা শুরু হলে দাম কিছুটা কমে আসতে পারে।

