রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস, নেই কোনো সরকারি আয়োজন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি এক গৌরবময় ও অবিস্মরণীয় অধ্যায়। তবে বিগত বছরগুলোর মতো এবার দিবসটি উপলক্ষে কোনো সরকারি কর্মসূচি পালিত হচ্ছে না।

- Advertisement -

১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (বর্তমান মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম-কে উপরাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি) এবং তাজউদ্দীন আহমদ-কে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়।

এ সময় সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান এম এ জি ওসমানী। মুজিবনগর সরকার ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই এই সরকারকে ‘স্বাধীনতার আতুরঘর’ বলা হয়।

শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে ‘মুজিবনগর’ রাখা হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ১২ জন আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলার পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। পরবর্তীতে মুজিবনগর সরকারের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

সর্বশেষ

এই বিভাগের আরও