মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি আবারও অবরোধ করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুরের দিকে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়েছে—হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবারও সম্পূর্ণভাবে ইরানের সামরিক বাহিনীর হাতে নেওয়া হয়েছে এবং আগের মতোই এই নিয়ন্ত্রণ বজায় থাকবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বৈশ্বিক অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে এই অবরোধ নতুন করে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান উত্তেজনার কারণে প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে শুক্রবার (১৭ এপ্রিল) সীমিতভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হলেও একদিনের ব্যবধানে আবারও অবরোধ জারি করল তেহরান।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং তেলের দামে অস্থিরতা বাড়তে পারে।

