দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ওইদিন বেলা ১১টায় তিনি উদ্বোধন ঘোষণা করবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিস্তারিত সূচিও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ব্রিটিশ আমলে ১৮৬৯ সালে বগুড়ায় টাউন কমিটি গঠনের মাধ্যমে নগর পরিচালনার সূচনা হয়। পরে ১৮৭৬ সালের ১ জুলাই মিউনিসিপালিটি প্রতিষ্ঠিত হয়। সময়ের পরিক্রমায় আয়তন ও জনসংখ্যা বাড়লেও বগুড়া দীর্ঘদিন সিটি কর্পোরেশনে উন্নীত হয়নি।
১৯৮১ সালে পৌরসভার আয়তন বাড়িয়ে ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার করা হয় এবং ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি পায়। পরবর্তীতে ২০০৬ সালে আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ২১টিতে উন্নীত হয়।
যোগ্যতা পূরণ করেও রাজনৈতিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে এতদিন বগুড়া সিটি কর্পোরেশন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ ছিল। অবশেষে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এখন উদ্বোধনের অপেক্ষা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমেই বগুড়াবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

