দেশের দিকে একটি শক্তিশালী বৃষ্টি বলয় অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি এ পূর্বাভাস দেয়।
তাদের তথ্যমতে, আগামী ২৬/২৭ এপ্রিল থেকে ৭/৮ মে পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট বিভাগ-এ।
এছাড়া ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ-এও বৃষ্টি বলয় সক্রিয় থাকতে পারে। অন্যদিকে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এ মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
তবে এই বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আগে, আগামী ২৫/২৬ এপ্রিল পর্যন্ত দেশের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ে বজ্রঝড় ও শিলাবৃষ্টির ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

