চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি-পশ্চিম বিভাগের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাতে নগরের খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-পশ্চিমের একটি আভিযানিক দল জানতে পারে, এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। এর প্রেক্ষিতে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে মো. দিদারুল আলম মাসুম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, প্রায় এক মাস আগে পলাতক সহযোগী মো. সাহেদ ওরফে পিচ্চি (৩৫)-এর সহায়তায় অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি সংগ্রহ করেন। পরবর্তীতে অস্ত্রটি লুকিয়ে রাখার জন্য তিনি তা সাহেদের কাছে হস্তান্তর করেন।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল পৌনে ৮টার দিকে পুলিশ লালখান বাজার টাংকির পাহাড় এলাকায় গাজী কালু মাজারের পাশের একটি বাসায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি সাহেদ পালিয়ে যান।
এ সময় তার ঘর থেকে একটি লাল শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি সচল বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলভারের গায়ে “A.M Ibrahimji & Son, Peshawar & Rawalpindi”, “Made in Pakistan” এবং “Mark IV .32” লেখা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে খুলশী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

