জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্ণেল।
মামলার অভিযোগে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা। এ মন্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মানহানিকর হিসেবে বিবেচিত হয়।
এ ঘটনায় গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্ণেল চৌহালি আমলি আদালতে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করে আদালত প্রথমে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
তবে সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় বিচারক আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী হুমায়ুন কবির কর্ণেল বলেন, প্রকাশ্যে এ ধরনের মন্তব্যে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনের আওতায় বিচার নিশ্চিত করতেই মামলা করা হয়েছে।
এর আগে একই অভিযোগে গত ৩০ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন। ওই মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

