রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হজযাত্রায় গতি, সৌদিতে পৌঁছালেন ২০ হাজারের বেশি বাংলাদেশি; এক হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী। এদিকে হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।

এদিকে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মারা যাওয়া নইম উদ্দীন মন্ডলের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।

আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও