শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হরমুজ ইস্যুতে ট্রাম্পের দাবি, অবরোধ তুললে কঠিন হবে ইরানের সঙ্গে শান্তিচুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি খোলা রাখার পক্ষেই রয়েছে; কারণ এ প্রণালিতে অবরোধ থাকায় প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ হারাচ্ছে তেহরান।

- Advertisement -

মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রু্থ সোস্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান নিজেরাও হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না। বরং এটি খোলা থাকলে প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার আয় সম্ভব বলে তারা মনে করে। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের কারণে এখন প্রকাশ্যে ভিন্ন অবস্থান নিচ্ছে দেশটি।

ট্রাম্প আরও বলেন, কয়েকদিন আগেই তিনি জানতে পেরেছেন যে ইরান দ্রুত অবরোধ প্রত্যাহার চায়। কিন্তু যুক্তরাষ্ট্র যদি এখনই সেই অবরোধ তুলে নেয়, তাহলে তেহরানকে কোনো শান্তি চুক্তিতে রাজি করানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।

তার ভাষায়, “আমরা যদি এখন অবরোধ তুলে দিই, তাহলে চুক্তির সম্ভাবনা শেষ হয়ে যাবে। তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।”

তিনি এমনও ইঙ্গিত দেন, চুক্তি ব্যর্থ হলে পরিস্থিতি চরম পর্যায়ে যেতে পারে, যা সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামবাদ-এ দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ।

বৈঠক ব্যর্থ হওয়ার পরই হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারির নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হওয়ায় এ নিয়ে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও