শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে—যার ইতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

- Advertisement -

বুধবার (২২ এপ্রিল) স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন সরবরাহের মার্কিন স্বর্ণ ভবিষ্যৎ চুক্তির দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৭২ দশমিক ৬০ ডলারে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এ ঘোষণা দেওয়া হয়।

তবে এ সিদ্ধান্ত একতরফা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান বা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইল এ বিষয়ে সম্মত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, যুদ্ধবিরতির ফলে বাজারে অনিশ্চয়তা কিছুটা কমেছে। তবে সংঘর্ষ আবার শুরু হলে ডলারের মান বাড়তে পারে, তেলের দাম ও সুদের হারও বাড়বে—যার ফলে স্বর্ণের বাজারে চাপ তৈরি হতে পারে।

যুদ্ধবিরতির ঘোষণার পর বৈশ্বিক শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। একই সঙ্গে ডলারের মান কিছুটা কমেছে এবং তেলের দামও নিম্নমুখী হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সুদভিত্তিক সম্পদের দিকে ঝুঁকে পড়ে—ফলে স্বর্ণের চাহিদা কমতে পারে।

ব্রিটিশ বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড এক বিশ্লেষণে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বাজারে তারল্যের ওপর স্বর্ণের দাম ওঠানামা করছে। সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি কিছুটা নাজুক হলেও দীর্ঘমেয়াদে স্বর্ণ আবারও শক্ত অবস্থানে ফিরতে পারে।

এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে তিনি প্রেসিডেন্টকে কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বজায় রেখে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া হবে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭ দশমিক ৯৭ ডলার হয়েছে। প্লাটিনাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ৭০ দশমিক ৩৭ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৫৬১ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও