জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস, ট্রাকসহ সব ধরনের পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “আজকের বৈঠকে ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আগামীকাল সিদ্ধান্ত হবে।”
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ডলারের ঊর্ধ্বগতির কারণে পরিবহন খাত এখন বড় ধরনের আর্থিক চাপে রয়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ার পাশাপাশি আমদানিকৃত যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
পরিবহন নেতারা বলছেন, এই পরিস্থিতিতে খাতটিকে টিকিয়ে রাখতে জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ জরুরি।
এর আগে গত রোববার (১৮ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিআরটিএর কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া সমন্বয়ের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই মন্ত্রণালয় সেটি চূড়ান্ত করে নতুন ভাড়ার ঘোষণা দেবে।
উল্লেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায়, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ার পর নতুন ভাড়া কতটা বাড়ানো হবে, সে বিষয়ে এখন সবার নজর বৃহস্পতিবারের সিদ্ধান্তের দিকে।

