শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে হবে’—সাদিক কায়েম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির

- Advertisement -

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সিএমপি কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। পরে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, বহিরাগতদের এনে ধারালো অস্ত্র, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে সংগঠনের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত আশরাফুল নামে এক নেতা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

হামলার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, ঘটনার ছবি, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

ডাকসু ভিপি বলেন, জুলাই-পরবর্তী সময়ে দেশের মানুষ নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল। কিন্তু ক্যাম্পাসে সহিংসতা ও পেশিশক্তির রাজনীতি সেই প্রত্যাশাকে ক্ষুণ্ন করছে। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এ সময় ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও