দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম দুই লাখ ৪৭ হাজার টাকার নিচে নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে—২২ ক্যারেটের এক ভরি সোনা: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপা: ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৫০০ টাকা।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার সময় বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও বর্তমানে তা কিছুটা কমতির দিকে।
আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট GoldPrice.org-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪ হাজার ৭০০ ডলারে নেমে এসেছে।
উল্লেখ্য, গত জানুয়ারির শেষদিকে বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান ঘটে। ২৯ জানুয়ারি দেশে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম—২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরলে দেশের বাজারেও দামের আরও সমন্বয় হতে পারে।

