জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার বাসসহ আন্তঃজেলা পরিবহনে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। এই নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে।
তিনি আরও জানান, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও পুনরায় সমন্বয় করা হবে বলে উল্লেখ করেন তিনি।
তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান মন্ত্রী।
বর্তমানে দূরপাল্লার রুটে বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।
এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গত ২২ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এদিকে পরিবহন মালিকরা জানিয়েছেন, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়া এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে গেছে। ফলে ভাড়া সমন্বয় জরুরি হয়ে পড়েছিল।
পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণের জন্য আগে থেকেই সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

