শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিরোধী প্রস্তাবে সাড়া, যৌথ কমিটি গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিরোধী দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য সরকারি দল ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচ সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলকেও পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে জানান, তারা শিগগিরই তাদের পক্ষ থেকে সদস্যদের নাম জমা দেবেন।

এর আগে বুধবার জাতীয় সংসদে ‘দেশের বর্তমান জ্বালানিসংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ’ বিষয়ে একটি নোটিশ আনেন বিরোধীদলীয় নেতা। এ নিয়ে আলোচনায় তিনি সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা এবং এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। বিরোধী দলের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে সরকার এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছি। বিরোধী দলও যদি পাঁচজন সদস্য মনোনীত করে, তাহলে এই ১০ সদস্য একসঙ্গে বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন। তাদের সুপারিশে বাস্তবতা থাকলে সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেবে।”

সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাবিত সদস্যরা হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২) এবং মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর-৩)।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। তিনি এটিকে সংসদের জন্য একটি ইতিবাচক সূচনা হিসেবে উল্লেখ করেন।

কমিটি দ্রুত গঠন সম্পন্ন হলে জ্বালানি সংকট নিরসনে কার্যকর সুপারিশ নিয়ে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও