শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছাত্রদল-শিবির মুখোমুখি, শাহবাগ থানায় আশ্রয় ডাকসু নেতাদের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ডাকসুর নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ মারধরের শিকার হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলীর নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলার মুখে পড়ে ডাকসুর এই দুই নেতা শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন।

এছাড়া ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে অবস্থান নেন। বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এর আগে বুধবার ডাকসু নেতা মুসাদ্দিক আলী ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে হেনস্তা ও হুমকির অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে আক্রমণের হুমকি দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুসাদ্দিক জানান, কলা ভবনের পেছনের ফটকের সামনে ক্লাসে যাওয়ার সময় তার পথরোধ করা হয়। সেখানে তাকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং দাঁত ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে তাকে মারধরের চেষ্টা করা হয় এবং সঙ্গীরা সরিয়ে নিলেও বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করা হয়।

সর্বশেষ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও