মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘কুনা’-র বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক বলেন, এটি বিমান চলাচল স্বাভাবিক করার প্রথম বড় পদক্ষেপ।
এর আগে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে তীব্র সামরিক সংঘাত শুরু হলে নিরাপত্তার স্বার্থে কুয়েত তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেয়। সংঘাত চলাকালে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
এ সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরও একাধিকবার হামলার শিকার হয় বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মূল্যায়ন ও নথিভুক্তকরণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতেই আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কুয়েত।
সংকটকালীন সময়ে কুয়েতি বিমানগুলোকে আশ্রয় দেওয়ায় সৌদি আরব-কে ধন্যবাদ জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
বর্তমানে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি চালুর প্রস্তুতি নিচ্ছে। খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইটগুলো নিয়মিত সময়সূচিতে ফিরবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিমান চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

