সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ খাতে সংকটের মূল কারণ গ্যাস ঘাটতি: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশে গ্যাস সংকটের কারণেই বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

- Advertisement -

শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট সদর উপজেলা-র মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন এখনো ব্যাপকভাবে গ্যাসনির্ভর। কিন্তু দেশীয় উৎপাদন সীমিত হওয়ায় গ্যাসের একটি বড় অংশ আমদানি করতে হয়। বর্তমানে দেশে প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও আরও প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস বিদেশ থেকে আনতে হচ্ছে। তবে বিভিন্ন সমস্যার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না, যার ফলে লোডশেডিং বেড়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস, এর মধ্যেই অতীতের নানা অব্যবস্থাপনা ও জটিলতা মোকাবেলা করতে হচ্ছে। তবে পরিস্থিতি উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন টার্মিনাল নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই টেন্ডার আহ্বান করবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হলেও এর প্রভাব মূল্যস্ফীতিতে তেমন পড়বে না। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম কম রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী ব্যাখ্যা করে বলেন, ১৫ শতাংশ দাম বৃদ্ধির ফলে ২০০ কিলোমিটার দূরত্বে একটি ট্রাক পণ্য পরিবহন করলে প্রতি কেজি পণ্যের দাম গড়ে প্রায় ৩০ পয়সা বাড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না।

এদিকে, আগামী ২ মে তারেক রহমান সিলেটের বাসিয়া খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন। এ উপলক্ষে প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বাসিয়া খাল খনন প্রকল্প সম্পর্কে মন্ত্রী জানান, খালটির মোট দৈর্ঘ্য ৪০ কিলোমিটার হলেও প্রথম পর্যায়ে ২৩ কিলোমিটার খনন করা হবে। এটি মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জ-এর জগন্নাথপুর পর্যন্ত বিস্তৃত হবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও