চট্টগ্রামে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা উপলক্ষে বৈশাখী মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) শুরু হওয়া এ মেলা চলবে ২৬ এপ্রিল ভোর পর্যন্ত, আর বলীখেলা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল।
এবার বলীখেলার ১১৭তম আসর বসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ জন বলী অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। চলমান এসএসসি পরীক্ষা-র কারণে নির্ধারিত সময়ের আগেই মেলা শেষ করতে হচ্ছে।
চট্টগ্রামের লালদীঘি মাঠ কেন্দ্র করে প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসেছে এই মেলা। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়েছেন।
মেলায় মাটির তৈজসপত্র, ঝাড়ু, হাতপাখা, শীতলপাটি, কাঠ ও বেতের আসবাব, গৃহসজ্জার সামগ্রী, মণ্ডা-মিঠাই, তামা-পিতলের পণ্যসহ নানান রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। নগরবাসীর কাছে এই মেলা বছরজুড়ে প্রতীক্ষিত, কারণ এখানে একসঙ্গে গৃহস্থালির প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়।
ঢাকা থেকে আসা ব্যবসায়ী মো. দীপু জানান, ট্রাক ভাড়া বেশি হলেও ক্রেতা বাড়লে ভালো বিক্রির আশা করছেন। নারায়ণগঞ্জের কনক দাস বলেন, পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবেই তারা প্রতি বছর এই মেলায় অংশ নেন।
খাগড়াছড়ি থেকে আসা সাদেকুল ঝাড়ু বিক্রির আশায় তিনশ জোড়া ঝাড়ু নিয়ে এসেছেন। অন্যদিকে চন্দনাইশের জহির মিয়া গরমের সময় হাতপাখার চাহিদা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, বলীখেলার উদ্বোধন করবেন হাসান মো. শওকত আলী।
পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
উল্লেখ্য, ১৯০৯ সালে আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের সংগঠিত করতে এই কুস্তিখেলার সূচনা করেন। সময়ের সঙ্গে এটি ‘বলীখেলা’ নামে পরিচিত হয়ে চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যে পরিণত হয়েছে।

