নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে— জামায়াত আমিরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের আমির শফিকুর রহমান ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না।
শনিবার (২৫ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশি-বিদেশি সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন— এই নির্বাচন বাংলাদেশে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, জনগণের ভোটেই বিএনপি ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে।
জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, “এই ধরনের মন্তব্যের কোনো ভিত্তি নেই। জনগণের সমর্থনই আমাদের বিজয়ের মূল কারণ।”
তিনি আরও অভিযোগ করেন, একটি মহল বিএনপির কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি তৈরি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, “দেশকে আবার স্বৈরাচারী শাসনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা দেশবাসীকে ভেবে দেখতে হবে।”
অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জনগণ ইতোমধ্যেই ওই দলকে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। ওই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা আড়াইটা থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফল করতে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফখরুল বলেন, কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

