মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ছয় জেলায় কালবৈশাখীর আশঙ্কা, ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দুপুরের মধ্যে দেশের ছয় জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -

রোববার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে।

এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রপাত। এ অবস্থায় এসব জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের সব বিভাগেই আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। পরবর্তী পাঁচ দিন দেশের কিছু স্থানে এই ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগ-এর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় প্রশমিত হতে পারে। পাশাপাশি সোমবার (২৭ এপ্রিল) থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও