ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন হুমাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, তার এই সংসদে আসার কথা ছিল না, তবে ভাগ্যের পরিক্রমায় তিনি আজ এখানে উপস্থিত।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ কথা বলেন।
বক্তব্যে তিনি তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী-এর প্রসঙ্গ টেনে বলেন, “আমার এখানে থাকার কথা ছিল না। আমার মরহুম বাবা মিথ্যা মামলায় নিহত হয়েছেন। সেই কারণেই আল্লাহর অশেষ দয়ায় আজ আমি এই সংসদে আসার সুযোগ পেয়েছি।”
নিজের নিখোঁজ থাকার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত আসাটা অনেক দীর্ঘ একটি যাত্রা। আমি সাত মাস একটি গোপন বন্দিশালায় ছিলাম। এই অভিজ্ঞতা থেকেই বলছি, গুম প্রতিরোধে যে নতুন আইনটি প্রণয়ন করা হচ্ছে, সেটি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধে সরকার কাজ করছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার বদ্ধপরিকর।
সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আপনারা সরকারের ওপর আস্থা রাখুন। আমরা চাই, ভবিষ্যতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।”
এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন পুনরায় শুরু হয়।

