সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ফ্যামিলি কার্ডে ভুল কম, সংশোধনে জোর: অর্থমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশব্যাপী চলমান ফ্যামিলি কার্ড প্রকল্পে থাকা ত্রুটি-বিচ্যুতিগুলো দ্রুত শনাক্ত করে সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন আরও গতিশীল করার কথা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

তিনি বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অর্থ সংকট হবে না; প্রয়োজনীয় সব অর্থই আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) ফ্যামিলি কার্ড বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী জানান, এটি বর্তমান সরকারের একটি ফ্লাগশিপ উদ্যোগ হওয়ায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বড় পরিসরের প্রকল্প হওয়ায় প্রাথমিক পর্যায়ে কিছু ছোটখাটো ভুল হওয়াকে স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি। তবে এসব ভুলের হার এক শতাংশেরও কম বলে দাবি করেন।

তিনি বলেন, পাইলট পর্যায়ে ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এই পর্যায়ে কোথাও যোগ্য কেউ বাদ পড়েছেন কি না কিংবা কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় সমন্বয় ও কাঠামোগত উন্নয়ন আনা হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড শুধু একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়; এটি একটি মানবিক উদ্যোগ। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রকল্প বাস্তবায়নে বাজেট কোনো বাধা হবে না উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রয়োজন অনুযায়ী বরাদ্দ নিশ্চিত করা হবে। তিনি আশা করেন, দ্রুত ত্রুটি সংশোধন ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও