শুক্রবার, ১৯ জুন ২০২৬

‘ধৈর্যের সীমা ছাড়ালে বলতেই হয়—তোরা রাজাকার’: সংসদে সাখাওয়াত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “ভদ্রতার সঙ্গে দেশের স্বার্থে আচরণ করছি। তবে কেউ বেশি বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছে করে—তোরা রাজাকার, তোরা আল শামস, তোরা আল বদর।”

- Advertisement -

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যেমন হঠাৎ ঘটে না, তেমনি সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনও দীর্ঘদিনের প্রক্রিয়ার ফল। তার ভাষায়, “গত ১৩-১৪ বছর ধরে ধীরে ধীরে সেই পরিস্থিতি তৈরি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই বিপ্লবে।”

তিনি আরও বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে সীমান্তে যুদ্ধ করেছি। যারা আজ গণতন্ত্রের কথা বলে, অথচ মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার চেষ্টা করে—তাদের প্রতি সতর্ক থাকতে হবে।”

তারেক রহমানের আহ্বানের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যের জন্য কাজ করা হচ্ছে এবং সংসদে বিদ্যুৎ সমস্যার সমাধানে সর্বদলীয় কমিটিও গঠন করা হয়েছে।

২০০৪ সালে পাকিস্তান সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেখানে অপমানের মুখে পড়েছিলাম। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে তা সহ্য করেছি।”

সবশেষে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য ঐক্য প্রয়োজন, তবে আদর্শ বিসর্জন দিয়ে নয়।

সর্বশেষ

এই বিভাগের আরও