রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যুগের পর যুগেও বদলায়নি শ্রমিকদের ভাগ্য: জামায়াত আমির

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

যুগের পর যুগ ধরে নেতা-নেত্রীর অবস্থার পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

- Advertisement -

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রতি বছর মে দিবসে শ্রমিকদের জন্য নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন হয় না। তিনি বলেন, “১৪০ বছরে দেওয়া প্রতিশ্রুতির অল্প অংশও যদি বাস্তবায়ন হতো, তাহলে আজ শ্রমিকদের দাবি-দাওয়া বাকি থাকত না।”

তিনি আরও বলেন, বছরের অধিকাংশ সময় শ্রমিকদের সমস্যা উপেক্ষিত থাকে, কিন্তু পয়লা মে এলেই সবাই শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন।

শ্রমিকদের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, একটি দেশের বৃহত্তম জনগোষ্ঠী হলো শ্রমজীবী মানুষ। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, অনেক সময় আন্দোলনকে ব্যবহার করে কিছু নেতা নিজেদের স্বার্থ হাসিল করেন। এতে শ্রমিকরা প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হন।

শফিকুর রহমান বলেন, তারা ‘খতমের রাজনীতি’তে বিশ্বাসী নন; বরং শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মালিক যদি ন্যায্য আচরণ করেন, তবে শ্রমিকও আন্তরিকভাবে কাজ করবে—অন্যথায় উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।

প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে গিয়ে কাজ করা শ্রমিকদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না। অথচ তাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, এই শ্রমিকদের ‘যোদ্ধা’ বলা হলেও বাস্তবে তাদের নানা ভোগান্তির মুখে পড়তে হয়। তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান।

সর্বশেষ

এই বিভাগের আরও