দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সাড়ে ১০টার দিকে মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী দিনের কর্মসূচি অনুযায়ী বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।
দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় অংশ নেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

