সিলেটে সুরমা নদীর পাড়ে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প উদ্বোধনের পর সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর চাঁদনী ঘাট এলাকায় এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত আছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।
সুধী সমাবেশ শেষে প্রধানমন্ত্রী সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন।
এ কর্মসূচির মাধ্যমে জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ।
পরে বিকেল ৫টায় নগরীর শিল্পকলা একাডেমিতে একটি দলীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাও সিলেট থেকেই শুরু করেছিলেন তারেক রহমান। তবে সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর।

