ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গণনার প্রায় ৯ ঘণ্টা পর দুই-তৃতীয়াংশ আসনে দলটির শক্ত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।
ভারতীয় নির্বাচন কমিশন-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ইতোমধ্যে ৮টি আসনে জয় পেয়েছে এবং ২০৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ১টি আসনে জয় পেয়েছে এবং ৮৪টি আসনে লিডে রয়েছে।
রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত থাকায় ২৯৩টি আসনের ফল জানা যাবে। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১৪৭টি আসনে জয়—সে হিসেবে বিজেপি স্পষ্টভাবেই সরকার গঠনের পথে এগিয়ে।
বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “বাংলার হিন্দুরা একজোট হয়ে নরেন্দ্র মোদী-এর উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।”
এদিকে ফল ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিজেপি ও তৃণমূল কর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন।
অন্যদিকে, কলকাতা-তে বিজেপি কার্যালয়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ ও ঝালমুড়ি খাওয়ার আনন্দঘন দৃশ্য দেখা যাচ্ছে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্মৃতিকে সামনে রেখেই দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ করা হচ্ছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে।

