চীন-এর মধ্যাঞ্চলে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে চাংশা শহরে অবস্থিত ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের কারখানায় এ বিস্ফোরণ ঘটে। এলাকা আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, বিস্ফোরণে কারখানার ভবন ধসে পড়ে এবং আশপাশজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যদিও এসব ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উদ্ধার কাজে প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকারী ও চিকিৎসাকর্মী অংশ নেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
ঘটনার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি শিল্পখাতে ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে আতশবাজি রপ্তানিতে চীনের অবস্থান শীর্ষে। গত বছর দেশটি প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক বাজারের বড় অংশ।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের দুর্ঘটনা শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও তদারকির প্রয়োজনীয়তা আবারও সামনে নিয়ে এলো।

