চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, একটি অ্যাম্বুলেন্স ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কাজী মনিরুল করিম চৌধুরী (ইনচার্জ, পাথরঘাটা পুলিশ ফাঁড়ি) সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর নতুন ব্রিজঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসান। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক অ্যাম্বুলেন্সকে থামানোর সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া করে পাথরঘাটা এলাকায় ব্রিকফিল্ড রোডের একটি কালভার্টের ওপর থেকে অ্যাম্বুলেন্সটি আটক করে। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মোঃ আফসার (৩৩)।
পরে উপস্থিত লোকজন ও সংবাদকর্মীদের সামনে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

