আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এর আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা কার্যকর ছিল।
বৃহস্পতিবার (৭ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
এক ভিডিও বার্তায় তিনি জানান, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করেছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।
তিনি আরও বলেন, অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা যায়।
জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল সরকার সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেয়। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঈদকে কেন্দ্র করে কেনাকাটার চাপ সামাল দিতে নতুন এই সিদ্ধান্তে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

