জুলাই সনদের প্রতিটি দাঁড়ি, কমা ও সেমিকোলন মেনে চলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৮ মে) খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার স্পষ্টভাবে বলেছেন, আমরা জুলাই সনদের প্রতিটি তারিখ, দাঁড়ি, কমা ও সেমিকোলন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। আমরাও সংসদে এবং বাইরে একই কথা বলে আসছি।”
তিনি জানান, জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এবং সেখানে বাস্তবায়নের পদ্ধতিও সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কোন বিষয় সংবিধান সংশোধনের মাধ্যমে হবে, কোনটি অধ্যাদেশ আকারে এবং কোনটি সংসদে আইন পাসের মাধ্যমে কার্যকর হবে—সবই সনদে নির্ধারিত আছে বলে জানান তিনি।
তবে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫’ নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রী বলেন, একটি মহলের চাপে সনদের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ।
তিনি বলেন, সংবিধানের চতুর্থ তফসিলে প্রথম সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত জারিকৃত আদেশকে আইনের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে এ ধরনের আদেশের মাধ্যমে আইন কার্যকর করার সুযোগ আর রাখা হয়নি।
মন্ত্রী আরও বলেন, ১৯৫২ সালের একটি আইন দিয়ে ওই আদেশকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলেও সংসদীয় কাঠামোর বাইরে এ ধরনের পদক্ষেপ কার্যকর করার সুযোগ সংবিধানে নেই।
এ সময় তিনি দাবি করেন, ওই আদেশকে কার্যকর করতে আনা গণভোট অধ্যাদেশও একই কারণে বৈধতা সংকটে পড়েছে।

