চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন। এছাড়া চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও সফরসঙ্গী হয়েছেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রেস উইং জানায়, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।

