রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠন করলেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

- Advertisement -

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতারা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি।

কড়া নিরাপত্তায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী।

শুক্রবার বিজেপির নির্বাচিত ২০৭ জন বিধায়কের বৈঠকে শুভেন্দুকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের পরিষদীয় দলনেতাই রাজ্যের মুখ্যমন্ত্রী হন।

গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিজেপির আন্দোলনের প্রধান মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। সন্ত্রাস, অনুপ্রবেশ, দুর্নীতি ও অবৈধ অভিবাসনের মতো নানা ইস্যুতে সরব ছিলেন তিনি।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসন থেকেই জয় পান শুভেন্দু। ভবানীপুরে তিনি পরাজিত করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। এর মধ্য দিয়ে টানা ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটল পশ্চিমবঙ্গে।

সর্বশেষ

এই বিভাগের আরও