শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সহযোগিতা না করলে সরকার সফল হবে না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সবাইকে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে।

- Advertisement -

শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো—মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা।”

তিনি বলেন, সরকারের সফলতার জন্য দলের সমর্থন ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বিএনপি যদি সহযোগিতা না করে, তাহলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না,” যোগ করেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, জনগণ বিএনপির নির্বাচনি ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের পর সেই ইশতেহার এখন দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ ও উন্নত শিক্ষাব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একইসঙ্গে এমন রাজনৈতিক পরিবেশ গঠনের কথা বলা হয়েছিল, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে।

দিনব্যাপী রুদ্ধদ্বার এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন।

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এটি ছিল প্রথম মতবিনিময় সভা।

সর্বশেষ

এই বিভাগের আরও