রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি রিমান্ডে

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের খুলশী থানায় বিদেশি পিস্তলের ১৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

রোববার (১০ মে) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর সহকারী কমিশনার (প্রসিকিউশন) আরিফ ইকবাল জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ মে মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) একটি দল নগরের খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আরও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, উদ্ধার হওয়া গুলির উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

সর্বশেষ

এই বিভাগের আরও