পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয়ে নয়, তাদের অপরাধের ভিত্তিতেই মূল্যায়ন করতে হবে।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের মতো অপরাধকে কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে দেখার সুযোগ নেই। ব্যক্তি যে-ই হোক, অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, “পুলিশ বাহিনী সরকারের আয়না। জনগণের সঙ্গে আচরণ ও দায়িত্ব পালনের মধ্য দিয়েই সরকারের ভাবমূর্তি প্রতিফলিত হয়।”
সরকার পুলিশকে একটি আধুনিক, মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি বাস্তবায়নের লক্ষ্য।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের শান্তি, নিরাপত্তা ও আস্থা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় সাম্প্রদায়িক উসকানি, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেন সরকারপ্রধান।

