দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এ রুটসহ মোট তিনটি প্রস্তাবনা সরকারের বিবেচনায় রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটও অন্যতম অগ্রাধিকার পাচ্ছে।
তিনি জানান, দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। এখন অর্থায়নের বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে এবং প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, নতুন সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যাতায়াতব্যবস্থা আরও সহজ হবে এবং গুরুত্বপূর্ণ নৌরুটে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করা পদ্মা সেতু দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং দুই প্রান্তের ভায়াডাক্টসহ মোট দৈর্ঘ্য প্রায় ৯ দশমিক ৮৩ কিলোমিটার। প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর উদ্বোধন হয় ২০২২ সালে।

