ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতি এখন যেন ‘লাইফ সাপোর্টে’ আছে।
সোমবার (১১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাবে ইরানের পক্ষ থেকে পাঠানো শর্তগুলো তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
সম্প্রতি ওয়াশিংটন একটি প্রস্তাব দেয়, যেখানে দুই দেশ স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলে পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতা চুক্তির পথে এগোনোর কথা বলা হয়েছিল। রোববার (১০ মে) ওই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান।
ইরানের পক্ষ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কয়েকটি শর্ত তুলে ধরা হয়।
এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “এটি আমার পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।” পরে সাংবাদিকদের তিনি বলেন, “যুদ্ধবিরতি এখন বড় ধরনের লাইফ সাপোর্টে আছে। যেন একজন চিকিৎসক এসে বলছেন— আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।”
তবে একইসঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদও প্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, এর আগেও কয়েক দফা সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল দুই দেশ, কিন্তু পরে ইরান অবস্থান পরিবর্তন করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। প্রায় ছয় সপ্তাহ সংঘর্ষ চলার পর গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

