চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইসেন্স ছাড়াই সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়ে ৫৭৮ দশমিক ৬০ মেট্রিক টন চাল জব্দ করেছে র্যাব। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার কদমরসুলপুর এলাকায় র্যাব-৭ ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ চাল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি আব্দুল আজিজ (২৮) জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগাহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সরকারি চাল অবৈধভাবে মজুত করে ভিন্ন মোড়কে বাজারজাত করছেন।
পরে যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠান থেকে ৫৭৮ দশমিক ৬০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ সময় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা চাল ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

